ক্রীড়া ডেস্ক :-
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও সময় বাকি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে এখনই চলছে নানা জল্পনা-কল্পনা। শোনা যাচ্ছে আগামী বিশ্বকাপে বদলে যেতে পারে ফুটবলের একটি নিয়ম।
পেনাল্টি শটের ব্যাপারে ২০২৬ বিশ্বকাপে নিয়ম বদলানোর চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে। গোলকিপার শট ফেরালে বা ক্রসবার অথবা পোস্টে লেগে ফেরার পর ফিরতি শট নেওয়া যাবে না। তাৎক্ষণিকভাবে সেটা গোল কিক হিসেবে বিবেচনা করা হবে। ২২তম ফুটবল বিশ্বকাপ থেকে এমন নিয়ম প্রচলনের কথা ভাবছেন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফুটবলের আইনপ্রণয়নকারী সংগঠনের কর্মকর্তারা। এই প্রস্তাব আইএফএবিতে আলোচনা করা হয়েছে বলে কদিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন থেকে জানা গেছে। পেনাল্টি শট মিস করলে পুনরায় কেউ শট করতে পারবেন না।
ফুটবলে পেনাল্টিতে একবার শট নেওয়ার ধারণা মূলত হকি থেকে এসেছে বলে ইংল্যান্ডের আরেক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। পেনাল্টিতে শটের পর খেলা বন্ধ। গোল হলে মাঝমাঠ থেকে পুনরায় খেলা শুরু হবে। গোল না হলে যে দল পেনাল্টি ঠেকিয়েছে, তারা পাবে গোলকিক। কোনো কর্নার বা দ্বিতীয় কোনো সুযোগ নেই। ফুটবলের আধুনিকায়নে যেসব সংস্কারের কথা চিন্তা করা হচ্ছে, পেনাল্টিতে নিয়ম বদলানো সেটা তারই অংশ। ২৩তম ফুটবল বিশ্বকাপেই যেহেতু এই নিয়ম বদলানোর চিন্তা চলছে, সেক্ষেত্রে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে পাস করতে হবে নিয়ম।

Post a Comment